২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্ছে করছে’, অতঃপর...

সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া  © সংগৃহীত

‘এই রকম উস্কানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছে করছে’—এমন একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। পোস্টটি ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টটি করেন জুয়েল কিবরিয়া। সেখানে আবহাওয়ার প্রসঙ্গ টেনে খিচুড়ির সঙ্গে ‘কিশোরী’ শব্দটি ব্যবহার করেন তিনি। পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর মুছে ফেললেও এরই মধ্যে সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী আহাম্মদ জুবাইর নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের একজন শিক্ষক কিশোরী খাওয়ার পোস্ট দিয়েছেন, আবার কয়েক ঘণ্টা পর সেটি মুছেও ফেলেছেন। এমন মানসিকতার মানুষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, কোনো আরবি বিভাগের শিক্ষক কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব এমন পোস্ট করলে সবাই কি একইভাবে নীরব থাকতেন? একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই শিক্ষককে কলেজে প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তানভীরুজ্জামান তানভীর নামের আরেক শিক্ষার্থীও একই বিষয়ে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানান। তিনি লেখেন, প্রকাশ্যে এমন চাহিদা প্রকাশ করতে পারেন যিনি, তার পর্দার আড়ালের আচরণ কেমন হতে পারে, তা নিয়েও প্রশ্ন থেকে যায়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি কলেজের মর্যাদা রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ওই শিক্ষকের ফেসবুক পোস্ট

রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মো. ইমন শেখও বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রুচিহীন ও আপত্তিকর পোস্ট করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। বিষয়টি কলেজ প্রশাসনের দৃষ্টিগোচর করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি প্রশাসন ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন।

এদিকে, এসব পোস্টের মন্তব্যের ঘরেও শিক্ষক জুয়েল কিবরিয়াকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এম আর রাজু ইসলাম নামের একজন মন্তব্য করেন, ‘এটা কোনো হুজুর পোস্ট করলে জাতীয় ইস্যু হয়ে যেতো।’ আরেকজন মন্তব্য করেন, ‘কলেজ প্রশাসনের হাতে না ছেড়ে শিক্ষার্থীদের হাতে ছাড়েন, উচিত শিক্ষা পাবে।’ এ ধরনের মন্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

তবে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন শিক্ষক জুয়েল কিবরিয়া। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি কয়েকদিন আগে একটা বৃষ্টিস্নাত দিনে আবেগের বশে অথবা মজা করতে গিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে খিচুড়ির সঙ্গে মিলিয়ে কিশোরী শব্দটি ব্যবহার করেছিলাম, যেটা আপনাদের অনেকের অনুভূতিতে আঘাত দিয়েছে। সেজন্য আমি সর্বান্তকরণে ক্ষমা চাইছি।’

তিনি আরও লেখেন, ‘আমার পেশা বা মর্যাদার সঙ্গে ওই রকম মজা করা শোভনীয় নয় জেনে আমি কিছুক্ষণের মধ্যে সেটা ডিলিটও করে দিয়েছি। আমি এ ধরনের নেতিবাচক পোস্ট ভবিষ্যতে আর কখনোই দেবো না বলে অঙ্গীকার করছি।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন,  এই পোস্টটি আমি দেখেছি। যেই শিক্ষক এই পোস্টটি করেছে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।