২৪ নভেম্বর ২০২৬, ১৬:০০

বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে বিসিএস শিক্ষা ক্যাডার স্ত্রীর মরদেহ

ছন্দা শর্মা  © ফাইল ছবি

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৭) নামে বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছন্দা শর্মা নগরের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, রাতে বাসায় ফেরার পর তিনি তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ২০১৩ সালে তাদের বিয়ে হয়েছিল। তবে কোনো সন্তান নেই।

পুলিশ জানিয়েছে, তাদের দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের মনোমালিন্য ছিল না বলে স্বজনেরা জানিয়েছেন। দীর্ঘ ১৩ বছরের সংসারে তাদের কোনো সন্তান ছিল না। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছন্দা শর্মার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার বাবার নাম মৃত হরেরাম শর্মা ও মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।