২২ নভেম্বর ২০২৬, ০৮:০২

টঙ্গী সরকারি কলেজে বিএনসিসি ও রেড ক্রিসেন্টের মালামাল সরানোর অভিযোগ, উদ্ধার দুই আলমারি

টঙ্গী সরকারি কলেজ  © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রেড ক্রিসেন্টের মালামাল দিনের বেলায় ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৬ নভেম্বর একটি ভ্যানে করে সংগঠন দুটির আলমারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। পরে দুটি আলমারি উদ্ধার করা হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন নথি ও সম্মাননা ক্রেস্টসহ বেশ কিছু সামগ্রী এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দিনের বেলায় একটি ভ্যানে করে বিএনসিসি ও রেড ক্রিসেন্টের মালামাল কলেজ ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কলেজের সিসিটিভি ফুটেজে ক্রীড়াবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচিত সোহেলকে মালামাল ভ্যানে তুলে দিতে দেখা গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

কলেজ ছাত্রদলের সদস্যসচিব আলাউদ্দিন সুমন বলেন, ‘সিসিটিভি ফুটেজে সোহেলকে মালামাল ভ্যানে তুলে দিতে দেখা যায়। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হলে তিনি সোহেলকে ডেকে আনেন। পরে কিছু মালামাল উদ্ধার হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু সামগ্রী এখনো পাওয়া যায়নি।’

গত ২১ নভেম্বর কলেজ ক্যাম্পাসে সোহেলের সঙ্গে কথা বলার সময় তিনি মালামাল নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি জানান, কলেজের অধ্যক্ষ তাকে ডেকে নিয়ে এসেছেন।

তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ বলেন, সিসিটিভি ফুটেজে সোহেলের সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মাধ্যমে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তার দাবি, ২১ নভেম্বর সন্ধ্যায় চুরি হওয়া দুটি আলমারি কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়।

অধ্যক্ষ আরও বলেন, ‘ঘটনার বিষয়ে কলেজের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালনে কারও অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি এইচ এম আরিফ ও সদস্যসচিব আলাউদ্দিন সুমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করেছেন। তাদের প্রশ্ন, কলেজ ক্যাম্পাস থেকে দিনের বেলায় কীভাবে এতগুলো মালামাল বাইরে নিয়ে যাওয়া হলো। একই সঙ্গে ভাঙারির দোকান থেকে মালামাল উদ্ধার করে কলেজে ফিরিয়ে আনার বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সম্মাননা ক্রেস্ট এখনো উদ্ধার না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও জানান তাঁরা।

এর আগেও টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদকে ঘিরে অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে টঙ্গী অডিটোরিয়াম ভেঙে কোটি টাকার লোহা বিক্রির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সময় তিনি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন। এ অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে তলব করেছিল বলেও জানা গেছে।

তবে ওই ঘটনায় কলেজের কয়েক কোটি টাকার লোহা বিক্রি বা লুটপাটের সঙ্গে কারা জড়িত ছিলেন এবং এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা। অডিটোরিয়াম-সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ রয়েছে।

এরই মধ্যে কিছুদিন আগে টঙ্গী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তাহমিনাকে ওএসডি করা হয়। এরপর নতুন করে বিএনসিসি ও রেড ক্রিসেন্টের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসায় কলেজের প্রশাসনিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।