ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবারের মান ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী-২০২৬ উদযাপনের দিনে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও বিতরণব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও, খাবারের দুর্গন্ধ, নিম্নমান এবং আয়োজনের নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা; বিষয়টি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাহাবুদ্দিন ইমন নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, ‘সবকিছুর জন্য বরাদ্দ করতে পারলেন খাবার ব্যবস্থাপনার জন্য বরাদ্দ করতে পারলেন না। দুর্গত এলাকায় যেভাবে ত্রাণ দেওয়া হয়, সেভাবেই খাবার বিতরণ করছেন আপনারা। সাধারণ শিক্ষার্থীদের সাথে এরকম মশকরা না করলেও পারতেন!’
আয়োজনের স্বচ্ছতা ও অর্থ সংগ্রহের প্রসঙ্গ তুলে সজীব উদ্দিন নামে আরেক শিক্ষার্থী লিখেন, ‘জাতীয়তাবাদী ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক মতাদর্শের লোকজনের মিলনমেলা করেছে। তারা শুধু মিলনমেলাই করেনি, করেছে হরিলুট। ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের নামে সরকারের কাছ থেকে বিভিন্ন কাজের টেন্ডার, বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর এবং সর্বশেষ বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০০ টাকা করে নিয়েছে। এটা ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী না, এটা হইলো হরিলুটবার্ষিকী।’
খাবারের মান নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি আরও লিখেন, ‘যে খাবারগুলো দেওয়া হয়েছে, সেগুলো মূলত গন্ধযুক্ত, মনে হয় কমিউনিটি সেন্টারের উচ্ছিষ্ট খাবার ছিল।’
আয়োজক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আশিকুল হক মিল্টন অভিযোগ করে বলেন, ‘যাদের পেট বড়, তাদের মনও বড়। অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে একটি ঐতিহাসিক দিনকে চরমভাবে কলুষিত করেছেন আপনারা। ধিক্কার জানাই এমন অথর্ব প্রশাসন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে।’
সার্বিক অব্যবস্থাপনা ও প্রধান অতিথির উপস্থিতির প্রসঙ্গ টেনে মোহাম্মদ মামুন নামে একজন লিখেন, ‘আজকের অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অধিকাংশ শিক্ষার্থীর খেতে না পারার মতো নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার, কোনো সৌজন্য উপহার না থাকা এবং পর্যাপ্ত বসার জায়গার অভাবসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে, যা নিঃসন্দেহে কষ্টের। কারণ এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের। আর যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, তিনি কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের নন; বরং তিনি আমাদের সকলের সম্মিলিত অর্জন। অথচ এমন একজন ব্যক্তিকে ঘিরে যে অব্যবস্থাপনা হলো, তা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।’