১৯ নভেম্বর ২০২৬, ১৯:০৫

মাইলস্টোন কলেজে যুক্তি-তর্কের জমজমাট লড়াই

মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা  © সংগৃহীত

শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করা, বিশ্লেষণ করা এবং ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তুলতেও বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মসংস্থানে প্রভাব থেকে পাশ্চাত্য সংস্কৃতির বিস্তার—সমসাময়িক নানা বিষয় নিয়ে যুক্তি-পাল্টা যুক্তির এমন চর্চায় অংশ নিয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজটির ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি ভাষায় অংশ নেয় নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ে হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে ৬০০ জনকে নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় আটটি দল।

নবম শ্রেণির বিতর্কের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থানের সবচেয়ে বড় হুমকি’ এবং দ্বাদশ শ্রেণির বিতর্কের বিষয় ‘পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করছে’। দুই বিতর্কেই বিপক্ষ দলের যুক্তি উপস্থাপনকারী দল চ্যাম্পিয়ন হয়।

মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সাবেক সভাপতি শরীফুল আলম সুমন। বিচারক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন ১৬তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক মেহেদী হাসান, ১৯তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক সাদিয়া ইসলাম সূচনা, একই প্রতিযোগিতার বিতার্কিক ফাবিহা সানজিদা নওশিন এবং সরকারি বাঙলা কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামিল। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আইনজীবী ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক তসলিম ভূইয়া প্রান্তিক।

প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) এবং ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন, যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।’

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা প্রত্যেকেই যুক্তিবাদী ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য করে তুলবে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন ও বিচারক শরীফুল আলম সুমন।