০৬ নভেম্বর ২০২৬, ২২:৩৩

চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ

শিক্ষা মন্ত্রণালয়  © লোগো

প্রতিষ্ঠার মাত্র ৮ মাসের মধ্যেই বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কলেজটি পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

বেসরকারি এই কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে সংস্থাটি। গত ২৯ অক্টোবর মাউশির এক চিঠিতে উত্তরাঞ্চলের এই কলেজসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়। 

জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কলেজটির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইদিন প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে ৩৫০ শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। 

এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ৮ মাসের মাথায় প্রতিষ্ঠানটি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের পরিচালক মো. হুমায়ূন কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সরকারের এ উদ্যোগের বিরোধিতা করছেন স্থানীয় অনেকেই। তারা বলছেন, জেলায় অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এমনকি উপজেলার একমাত্র মহিলা কলেজ জাতীয়করণে অগ্রাধিকার থাকার কথা। নীতিমালা সঠিকভাবে অনুসরণ করলে সেটা হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না করে এক বছরও বয়স না হওয়া কলেজ এখন জাতীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হলেও জাতীয়করণে কোনো সমস্যা নেই বলে জানান রাজশাহী অঞ্চলের পরিচালক মো. হুমায়ূন কবীর। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয়করণের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হলেও জাতীয়করণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত কোনো সমস্যা নেই। এর আগেও ২০২০ সালে নওগাঁর মিরপুরে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কয়েকমাসের মাথায় সরকারিকরণ হয়।

তিনি আরও বলেন, উপজেলায় যেসব শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর ব্যাপারেও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় তালিকা পাঠানো হয়েছে। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানও জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।