০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে ৩ নভেম্বর পর্যন্ত

একাদশে ভর্তি   © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আজ ও আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন। এর আগে গতকাল রবিবার রাত ৮টায় তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ হিসেবে বিবেচনা করা হবে। তাই নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের শেষ ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় কোনো ভুলের কারণে জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।