৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল
এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন।
এ বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাশের হার ৪১.২৯%, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন,মোট পরীক্ষার্থী ৮৭৭৭ জন,কৃতকার্য হয়েছে ৩৬২৪ জন, অকৃতকার্য হয়েছে ৫১৫৩ জন শিক্ষার্থী।
২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়,ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজ ৭ জন,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ৬ জন,বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ: ৩ জন,তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ২ জন,ক্যামব্রিজ সিটি কলেজ ১জন সহ মোট ১৯জন শিক্ষার্থীর কেউই পাশ করেনি।
এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কয়েকজন অভিভাবক জানান, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবেই কলেজের সব শিক্ষার্থী ফেল করেছে।
জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, কেন এই প্রতিষ্ঠানগুলো থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারল না, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কলেজগুলোর কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমরান হোসেন শিপকে ফোন দেওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমাদের এখানে কোনো শিক্ষক নেই। কোনো মতে অতিথি শিক্ষক দিয়ে চালানো হয়। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগের অভাব রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মেজবা উল আলম ভূঁইয়া জানান,শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যে সকল কলেজের কেউ পাশ করেনি। তাদেরকে চিঠি দেওয়া হবে। সে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।