১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০

ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নরসিংদীতে এক কলেজ শিক্ষক এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়। এর আগের দিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান কাজী নুসরাত জাহান (২০) নামে এক শিক্ষার্থী।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের ছেলে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, মোসাদ্দেক ডেঙ্গু পজিটিভ হয়ে দুই থেকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি নামাজও পড়েছেন। তখন নিজেকে কিছুটা সুস্থ বোধ করছিলেন। পরে তাঁর শরীরে প্রচণ্ড তাপমাত্রা দেখা দেয়। এরপর স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

অন্যদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া কাজী নুসরাত জাহান চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার জামাল কাজীর বাড়ির ব্যবসায়ী নুরুল আলম বাবুলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে জ্বর অনুভব করলে নুসরাতকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

নুসরাতের বাবা নুরুল আলম বাবুল জানান, বুধবার সকালে জ্বর অনুভব করায় মেয়েকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ওই দিন রাত সাড়ে ৮টায় জানাজা শেষে নুসরাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ওই এলাকার স্বাস্থ্যকর্মীদের বিষয়টি খোঁজখবর নিতে বলেছেন। শিক্ষার্থীটি ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মারা গেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান করতে বলা হয়েছে।