কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ভোররাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মী। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে।
কলেজের নাইট গার্ডের দায়িত্বে থাকা মাফিজ উদ্দিন (৫৫) জানান, ভোররাত ৩টার দিকে তিনি দেখতে পান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। এ সময় দরজার সামনে একটি পেট্রোলের বোতল পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ফুটেজও পরীক্ষা করা সম্ভব হয়নি।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিকে কেন্দ্র করে কিছুদিন ধরে কলেজে উত্তেজনা বিরাজ করছে। এ দাবিতে রবিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সম্প্রতি অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে পূর্বধলা সরকারি কলেজে নতুন করে আলোচনা তৈরি হয়। গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে যোগদানের একদিন পরই তার বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে গত ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু পরদিনই তার পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দরজার সামনে আগুনের মতো কিছু দেখা গেছে এবং ওই স্থানে সামান্য কালো দাগ রয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কেউ আইনগত ব্যবস্থা নেয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।
ওসি বলেন, অধ্যক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে কলেজে দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে এবং অন্য পক্ষ তাঁকে পরিবর্তন করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানাচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাতনামা দুজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।