২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

শিক্ষার্থীদের প্রতীকী ছবি  © সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পরও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন/ভর্তি বাতিল করতে হবে।

এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন/ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি বাতিলের ক্ষেত্রে প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

এরপর নির্ধারিত নিয়মে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।