২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০

কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া

ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া  © সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় জামায়াতের ইউনিয়ন কার্যালয় এবং বিএনপি নেতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্পসহ কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, আজ সকালে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে প্রথম বর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শুরু হয়। বেলা ১২টার দিকে ওরিয়েন্টেশন শেষে ছাত্রদল ক্যাম্পাসে নবীনদের স্বাগত এবং নাশকতাবিরোধী মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টের দিকে আসার প্রস্তুতি নেয়।

এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ ক্যাম্পাস থেকে বেরিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক ও গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে দেশি অস্ত্র দেখা যায়।

এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়ার মধ্যে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিএনপি নেতা রুহুল আমিনের পেট্রোল পাম্প ভাঙচুর করেন। প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরাও সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের কার্যালয় ভাঙচুর করেন। এ সময় কয়েকটি দোকান ও যানবাহনও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়ালে অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রশিবিরের সভাপতি জুনেদ আহমদ বলেন, আমরা শিক্ষা বান্ধব কর্মসূচি নিয়ে নবীনদের বরণ করেছিলাম। এ কারণে ছাত্রদল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। তারা ক্যাম্পাসকে অস্ত্রাগারে পরিণত করতে চায়। আমরা সেটা হতে দেব না।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমেদ বলেন, আমরা ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে ক্যাম্পাস থেকে নাশকতাবিরোধী মিছিল দিয়ে বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ছাত্রশিবির আমাদের মিছিলে বাধা দেয় এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এর জেরে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করলে, তারা হামলা করেন। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে সড়কে এসে যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। এ ছাড়া বিএনপি নেতার পেট্রোল পাম্পে ভাঙচুর ও লুটপাট চালায় তারা।

গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম বলেন, কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচলও স্বাভাবিক করে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।