২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫

একাদশে ২য় ধাপের ভর্তিতে আবেদন করতে পারবেন তিন ধরনের শিক্ষার্থীরা

কলেজ শিক্ষার্থী  © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এটি চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পুনরায় ২য় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd)  প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে।

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ১ম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি ২য় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে না। এ ধরণের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ২য় ধাপে আবেদনের সময় কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করা এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অনুরোধ করা যাচ্ছে। 

২য় ধাপে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন:

১. যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি;

২. যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে
ভর্তি হতে পারেনি;

৩.যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি।