একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। এরপর নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কিছু প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এর মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি। অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেটিও রাখা যাবে। পাশাপাশি প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন কনফার্মেশন পত্র এবং শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর সঙ্গে রাখতে হবে।
এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ একাদশে ভর্তির আবেদন করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপের ফল অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন বরাদ্দ পেয়েছেন।
বোর্ডের দেওয়া তথ্যে বলা হয়েছে, প্রথম ধাপে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে অনেকের জিপিএ-৫ থাকলেও কলেজের তালিকায় স্থান হয়নি। তবে বোর্ডের আরেক তথ্যে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন বলা হয়েছে।
যেসব শিক্ষার্থী কলেজে আসন পেয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে। নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা। এর মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নিশ্চায়ন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর রবিবার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর একাদশ শ্রেণির ক্লাস ২৩ সেপ্টেম্বর বুধবার শুরু হওয়ার কথা রয়েছে।