১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ

প্রতীকী ছবি   © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একযোগে প্রকাশ করা হয়। ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থীর করা মোট আবেদনের সংখ্যা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছেন।

এছাড়া ১১টি কলেজে কোনো পছন্দ দেওয়া হয়নি এবং আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এজন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

যেভাবে ফল দেখা যাবে
একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।