শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সমাবেশ
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে শেরপুর সরকারি কলেজে ধাপে ধাপে আয়োজন করা হচ্ছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক মিলনায়তনে তৃতীয় ধাপের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অনিয়মিত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো, পড়াশোনার অগ্রগতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন কলেজ প্রশাসন।
সমাবেশটি একসঙ্গে বড় পরিসরে না করে খণ্ডখণ্ডভাবে আয়োজন করছে কলেজ প্রশাসন, যাতে প্রতিটি সমাবেশ ফলপ্রসূ হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এর আগে দুই ধাপে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের সমাবেশ অনুষ্ঠিত হলেও কর্মসূচি এখানেই শেষ হচ্ছে না; সামনে আরও ধাপে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ বলেন, ‘গত দুই সমাবেশের পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আজকের সমাবেশের পর আশা করি উপস্থিতি আরও বাড়বে। শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে, সে লক্ষ্যে শেরপুর সরকারি কলেজ কাজ করে যাচ্ছে।’
অভিভাবকদের উদ্দেশ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বলেন, ‘আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের ক্লাসে পাঠান। তাদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করুন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর হবো। ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।’
সমাবেশে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে পাঠানো এবং তাদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে অভিভাবকদের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কলেজ প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের ভালো ফলের জন্য কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করা।