০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ  © টিডিসি সম্পাদিত

মাগুরায় চাঁদার দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মাগুরা জেলা আহ্বায়ক কাজী মোর্শেদ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সংগঠনটির সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তবে পুলিশ বলছে, এখানে নিয়োগসংক্রান্ত দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে। 

অভিযোগ অনুযায়ী, গত ৩০ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে কলেজের প্রধান ফটক থেকে প্রায় ২০০ ফুট দূরে মাগুরা-মহম্মদপুর সড়কে এ হামলার ঘটনা ঘটে। মিশু, রিপন, মোস্তাক, বাপ্পি ও গফফারসহ ১২-১৩ জনের একটি দল অধ্যক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ২০ হাজার টাকা, রোজার ঈদ উপলক্ষে ২০টি পাঞ্জাবি, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পিকনিকের জন্য ২০ হাজার টাকা এবং একই বছরের ডিসেম্বরে ক্রিকেট খেলার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার ভয়ে অধ্যক্ষ পিকনিকের জন্য দাবি করা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। তবে অন্যান্য দাবিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এর জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংগঠনটি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আরও পড়ুন: তদবিরের জোরে জাতীয়করণের তালিকায় ‘যেনতেন’ প্রতিষ্ঠান, বঞ্চিত যোগ্যরা

তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পরে আরেক পোস্টে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে মাগুরার জেলা প্রশাসক (ডিসি) এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র সঙ্গে কথা বলা হয়েছে। জেলা প্রশাসক হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে মাগুরার পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সংগঠনটি আশা করছে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মোর্শেদ আলমের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এর সঙ্গে নিয়োগসংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে।