একাদশে ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভাবে
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সোমবারের এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনসংক্রান্ত ওয়েবসাইট ও নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, এবার কোনো ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।
গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
অনলাইনে আবেদন যেভাবে
চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবে।
সর্বপ্রথম ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে। বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ অপশনে ক্লিক করবেন। তারপর ‘XI Class Admission’ নির্বাচন করতে হবে। এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। নির্ধারিত টাকার পরিমাণ নিজে থেকে দিতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নিয়ে যাবে।
অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। তার লগইন বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় পেজে গিয়ে ‘সাইন আপ’ বাটনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর ওই তথ্য দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে নির্ধারিত কলেজ কোড বা নাম দিয়ে সার্চ করে পছন্দের কলেজ নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মেধা, কোটা ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে একটি মাত্র কলেজে তাকে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে প্রমাণপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বোর্ড সেসব আবেদন যাচাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।