০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ

হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ  © সংগৃহীত

রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত আবেদন ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। পাশাপাশি এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান—দুটি বিষয়ই থাকতে হবে। মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ ৩.০০ থেকে ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ নিয়ে বলা হয়, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলে জিপিএ ৪.০০ বা তার বেশি থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে জিপিএ ৪.২৫ বা তার বেশি প্রয়োজন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

আবেদন ফরম সঠিকভাবে পূরণ করার পর Preview অপশনে গিয়ে তথ্য যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে Edit অপশনের মাধ্যমে সংশোধন করে এরপর Submit করতে হবে। Submit করার পর মোবাইলে একটি Security Code পাঠানো হবে।

এরপর বিকাশ অ্যাপের Education Fee অপশনে গিয়ে কলেজ নির্বাচন করে Institution Name-এ Holy Cross College লিখে বা নির্বাচন করে বোর্ডের নাম, পাসের বছর, গ্রুপ ও SSC রোল নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ দেখানোর পর চার্জ ছাড়া মোট ৫০০ টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে।

পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রায় ৬ থেকে ১০ মিনিটের মধ্যে Admit Card ও Application Form ডাউনলোড করা যাবে। এছাড়া Applicant Login অপশনে এসএসসি রোল, বোর্ড, পাসের বছর ও Security Code দিয়ে লগইন করেও প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোডের সুযোগ থাকবে।

নির্দেশনায় শিক্ষার্থীদের Admit Card ও Application Form প্রিন্ট করে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। নির্বাচিত হলে Application Form-এর কপি কলেজে জমা দিতে হবে।

এছাড়া অনলাইনে আবেদন করার সময় ছবি আপলোডে সমস্যা হলে নির্দিষ্ট রিসাইজিং সেবার মাধ্যমে ছবির আকার ঠিক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকাশ পেমেন্ট সম্পন্ন না করা পর্যন্ত আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং Admit Card পাওয়া যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক কাজে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। ভর্তি-সংক্রান্ত নিয়ম মেনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।