কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট আসন দেড় হাজারের বেশি
রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ প্রশাসন। কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ১ হাজার ৬২১টি আসন রয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগমকে একাদশ শ্রেণির ভর্তি ২০২৬-২৭ কমিটির আহবায়ক করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪.৫০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ এবং মানবিক বিভাগে ৩.৫০ নির্ধারণ করা হয়েছে। বিভাগভিত্তিক আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫০০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৪টি এবং মানবিক বিভাগে ৫০৭টি আসন রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন করার সময় থানার সূত্রাপুর নির্বাচন করতে হবে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় কবি নজরুল সরকারি কলেজকে এক নম্বরে রাখতে হবে।
অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা বুধবার (২ সেপ্টেম্বর) থেকে আবেদন করতে পারবে। আবেদন চলবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম রবিবার (২০ সেপ্টেম্বর) শুরু হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য কবি নজরুল সরকারি কলেজের ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।