সেন্ট যোসেফ-সেন্ট গ্রেগরীতে ভর্তিতে ধূমপায়ীদের ‘না’, মোবাইল ফোন নিষিদ্ধসহ কড়াকড়ি আরও যেসব বিষয়ে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর দুই খ্যাতনামা কলেজ সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে জিপিএ ও অন্যান্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তি আবেদনে বিশেষ শর্তও দিয়েছে কলেজ দুটি। ধূমপায়ীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর এই দুই মিশনারি কলেজ।
বিজ্ঞপ্তিতে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল জানিয়েছে, ভর্তির পর শিক্ষার্থীদের কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত ক্লাস, ব্যবহারিক ক্লাস ও শ্রেণি পরীক্ষায় উপস্থিত থাকা এবং অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
এছাড়া প্রতিষ্ঠানের নিয়মাবলি পালনে অনাগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ জানিয়েছে, যে সব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস এবং কলেজের শৃঙ্খলাবিধি পালন করতে আগ্রহী এবং অধূমপায়ী, শুধু তাদেরকেই আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য কোচিং এর প্রয়োজন নেই।
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে একাদশে ভর্তির বিস্তারিত তথ্য:
আবেদন যোগ্যতা
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনের ভর্তিতে শিক্ষার্থীদের এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। তবে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৭৮ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ ও মানবিক বিভাগে ২ দশমিক ৫০ থাকতে হবে।
বিভাগ পরিবর্তন করেও আবেদন করা যাবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ ও বিজ্ঞান থেকে মানবিক বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রেও ন্যূনতম জিপিএ ৩ প্রয়োজন।
আসন সংখ্যা
এবার বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ৩২০ ও ইংরেজি ভার্সনে ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ ও মানবিক বিভাগে ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আবেদন শুরু ১ সেপ্টেম্বর, ফি ৫০০ টাকা
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১২ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অথবা কলেজের ওয়েবসাইটের ‘Admission’ লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের তথ্য অনুযায়ী ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য সার্ভিস চার্জ ছাড়া ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অনলাইনে অর্থ পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আবেদন করলে বিজ্ঞান বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। আবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করলে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
-বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে।
-ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং থেকে প্রশ্ন করা হবে।
-মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি এবং পৌরনীতি অন্তর্ভুক্ত থাকবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে এসএসসিতে পাওয়া জিপিএ বিবেচনা করে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল, মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকাসহ ভর্তিসংক্রান্ত সব তথ্য কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশে ভর্তির বিস্তারিত তথ্য:
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে আবেদন করতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। বিজ্ঞান বিভাগে আবেদনকারীদের উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৩.৫০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৩.০০ নির্ধারণ করা হয়েছে।
মোট আসন
বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০০, ইংরেজি ভার্সনে ১০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ এবং মানবিক বিভাগে ৭০টি আসন রয়েছে। মোট ৬৫০ আসন।
আবেদন ফি
আবেদনকারীদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা, যা অফেরতযোগ্য। বিকাশ, নগদ, রকেট, নেক্সাস, এমটিবিএল, ভিসা কার্ড ও মাস্টারকার্ডের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে।
আবেদন ফরম পূরণের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ভুল তথ্য দেওয়া, আবেদনপত্র অসম্পূর্ণ রাখা অথবা একই শিক্ষার্থী একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।ত
ভর্তি পরীক্ষা
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী। বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে।
মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে আগ্রহী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পরীক্ষায় অংশ নিতে হবে। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে জরুরি প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় কলেজ কর্তৃপক্ষের দেওয়া মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি বা মার্কশিট সঙ্গে রাখতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষার ফলাফল ও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।