সমান জিপিএ হলে একাদশে ভর্তিতে অগ্রাধিকার পাবে কারা, জানাল মন্ত্রণালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় জিপিএ সমান হলে ভর্তির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে তা জানানো হয়েছে।
নীতিমালায় বলা হয়, সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতূল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতূল্য করে হিসাব করতে হবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বরপ্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীব বিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাই এর ক্ষেত্রে উদ্ভূত জটিলতা নিরসণ না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এটি চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সব কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।