কলেজ ভর্তিতে ফি বাড়ল ৫ টাকা, শহর-গ্রামের কোন ধরনের প্রতিষ্ঠানে কত ভর্তি ফি?
২০২৬ সালের একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়। এ বছর শিক্ষা বোর্ড আবেদন ফি বাবদ ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা নেবে, যা আগের বছর ছিল ৩৩৫ টাকা। এছাড়া নীতিমালায় এলাকাভেদে ভর্তি ফি ও অন্যান্য খরচ নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা।
নন-এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ফি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা।
এছাড়া নন-এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা। উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/ রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা নেবে। আগের বছর বিএনসিসি ফি ছিল ৫টাকা।