২০ আগস্ট ২০২৬, ২২:৪০

৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ

ভোলা সরকারি কলেজ  © টিডিসি ফটো

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে। ফলে জাতীয় দিবস পালন, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও একাডেমিক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে গিয়ে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

১৯৬২ সালে তৎকালীন ভোলা মহকুমার এসডিও এম. এ. আজিজের উদ্যোগে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ভোলা সরকারি কলেজ। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রয়োজনীয় ভৌত অবকাঠামোর মধ্যে আধুনিক অডিটোরিয়ামের ঘাটতি এখনো রয়ে গেছে।

বর্তমানে কলেজটিতে ৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৫ হাজার ৫৪৭ জন ছাত্র ও ৩ হাজার ৬৯৫ জন ছাত্রী। বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ৫২ জন এবং কর্মচারী ৪৩ জন।

কলেজ সূত্রে জানা গেছে, অডিটোরিয়াম না থাকায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ মাঠে কিংবা খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেল তৈরি করতে হয়। এতে আবহাওয়া প্রতিকূল হলে অনুষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়ে। বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের নানা দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান কলেজে অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি এলেও অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু না হওয়ায় হতাশা বাড়ছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, আধুনিক অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে আমরা একাধিকবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাবনা ও আবেদন পাঠিয়েছি। ফাইলটি বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রয়েছে।