১৫ আগস্ট ২০২৬, ১৩:৪৯

একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল  © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশে ভর্তির প্রক্রিয়া শুরুর অপেক্ষায়। কলেজ পর্যায়ে ভর্তিতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তার অন্যতম একটি হলো সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। সম্প্রতি কলেজটি এক বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম নিয়ে জানিয়েছে।
       
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৬-২০২৭ সেশনে ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ডের নীতিমালা পাওয়ার সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ওয়েবসাইট (www.sjs.edu.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/ SJHSSOfficial) ও বিদ্যালয়ের নিজস্ব নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। 

শিক্ষার্থীদের নম্বর ও গ্রেড–সংবলিত মার্কশিট (নম্বরপত্র) অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে চার্চ পরিচালিত চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। এবারও একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ

চলতি বছর কলেজ পর্যায়ের এইচএসসি ও সমমানের পড়াশোনার জন্য আসন সংখ্যা ২৫ লাখ। তবে পাসের হার কমায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ভর্তি শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।