রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুলিবিদ্ধ করিমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার ডান পা থেকে একটি গুলি অপসারণ করেন। আর বাম পায়ে লাগা গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসা শেষে রাতেই করিমকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে বা কী কারণে গুলি করা হয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।