জুলাই শহীদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে স্মরণসভা
জুলাই শহীদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের ৫ নম্বর ভবনের একটি কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এস এম ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের প্রধান আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান কামাল উদ্দিন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা।
স্মরণসভায় বক্তারা জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।