রাজধানীতে আইফোন ছিনিয়ে নিতে চলন্ত ট্রেনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় তোফায়েল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আইফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২০ জুন) দুপুর থেকে বিকেলের মধ্যে তেজগাঁও-বনানী রেলপথ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত তোফায়েল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে তার বোনের বাসায় বেড়াতে ছিলেন। শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। ট্রেনটি তেজগাঁও ও বনানী এলাকা অতিক্রম করার সময় বগিতে ওত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।
তোফায়েলের ভগ্নিপতি রাইতুল ইসলাম বলেন, ট্রেন তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় তিন ছিনতাইকারী তার আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ফোন দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরে আঘাত করে। এরপর তারা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: শেষ ম্যাচ জিতলেও নকআউটে যাওয়া হবে না দুই দলের, ব্যাখ্যা দিল ফিফা
অন্যদিকে আহত শিক্ষার্থীর চাচাতো বোন শিউলি আক্তার জানান, বনানী রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর চার থেকে পাঁচ যুবক তোফায়েলকে ঘিরে ধরে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তার পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে কিছু না নিয়েই ছিনতাইকারীরা ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় নেমে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর এক পথচারীর সহায়তায় তোফায়েলকে উদ্ধার করে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।