১৭ জুন ২০২৬, ২০:১৩

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ নোটিশ

চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ (ইনসেটে অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন)  © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের (সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ) অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৬ জুন) মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে এ নোটিশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহিন উদ্দিন।

নোটিশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ই-রিকুইজিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ চাহিদা পাঠানোর ক্ষেত্রে ‘গার্হস্থ্য অর্থনীতি’ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও প্রভাষক পদের ভুল চাহিদা পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনটিআরসিএর নীতিমালা অনুযায়ী কোনো বিষয়ে শিক্ষক পদের চাহিদা পাঠাতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। তবে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ ডিগ্রি (পাস) পর্যায়ে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগের চাহিদা পাঠায়।

পরবর্তী সময়ে মাউশির আঞ্চলিক কার্যালয়ের যাচাই-বাছাইয়ে বিষয়টি ভুল হিসেবে চিহ্নিত হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা না দেওয়ায় প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের ভুল তথ্যের কারণে প্রশাসনিক জটিলতা তৈরি হয় এবং ভবিষ্যতে ভুল সুপারিশের মাধ্যমে নিয়োগ হলে তা এমপিওভুক্তি প্রক্রিয়ায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন বলেন, তিনি এখনো আনুষ্ঠানিক নোটিশ হাতে পাননি, অনলাইনে বিষয়টি দেখেছেন। নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।