০৮ জুন ২০২৬, ১১:০৬

বসতভিটার জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

ছুরিকাঘাতে নিহত ফাহমিদ রুমন  © টিডিসি ফটো

গাইবান্ধার সদর উপজেলায় দীর্ঘদিনের বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত মিয়া (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ত্রিমোহনীর পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র (ভর্তি)। তিনি ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহমিদ রুমনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আকিফ আহসানের দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে জমি মাপা ও সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকিফের লোকজন দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে রুমনদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় ফাহমিদ রুমন ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছোট ভাইও লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই রুমন মারা যান। তার ছোট ভাই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বসতভিটার সীমানা বিরোধে কলেজছাত্র নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম (৫৫) ও স্ত্রী ইতি বেগমকে (৩০) আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।