০৪ জুন ২০২৬, ১৯:৪০

বজ্রপাতে কলেজ শিক্ষক নিহত

এএসএম খালেকুল আজাদ  © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বজ্রপাতে খালেকুল আজাদ (৫৬)  নামের কলেজ শিক্ষক নিহত  হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সায়েম তানভীর জানান।

নিহত এএসএম খালেকুল আজাদ (৫৬) রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার আজাদ নিজ গ্রামের মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। বেলা সোয়া ১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

এ সময় অন্যারা নিরাপদ স্থানে চলে গেলেও ওই শিক্ষক পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।

মুক্তাগাছা হাসপাতালের ডা. সায়েম তানভীর কলেন, খালেকুল আজাদ নামের ওই ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।