২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

শেরপুরে লর্ড ব্যাডেন-পাওয়েলের ১৬৯তম জন্মদিন উদযাপন

শেরপুরে লর্ড ব্যাডেন-পাওয়েলের ১৬৯তম জন্মদিন উদযাপন  © টিডিসি ফটো

শেরপুরে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের উদ্যোগে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ ব্যাডেন-পাওয়েল (বিপি) এর ১৬৯তম জন্মদিন (বিপি দিবস) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি)  শেরপুর সরকারি মহিলা কলেজে দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রোভার কমিশনার প্রফেসর আ. জ. ম রেজাউল করিম খান, সহকারি কমিশনার সারোয়ার জাহান তপন, সম্পাদক মোঃ মজিবুর রহমান (সিএএলটি), ডি আর এস এল মোঃ মোবারক হোসেন, ট্রেজারার শামসুল আলম, আর এস এল মনসুর, শফিউল্লাহ বকুল ও সুজন, ডিএসআরএম নোমান মিয়াসহ জেলার বিভিন্ন ইউনিটের রোভার ও রোভার গার্লরা।

সম্পাদক মোঃ মজিবুর রহমান বলেন, বিপি-র জীবন ও আদর্শ আমাদের কাছে চিরন্তন দিকনির্দেশনা। স্কাউটদের মধ্যে নেতৃত্ব, সেবা ও মানবিক গুণাবলী বিকাশের জন্য এই দিবস উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যুবসমাজকে দায়িত্বশীল ও সর্বাঙ্গনে এগিয়ে নিয়ে যাওয়ায় এ ধরনের অনুষ্ঠান বড় ভূমিকা রাখে।

জেলা রোভার কমিশনার প্রফেসর আ. জ. ম রেজাউল করিম খান বলেন, বিপি দিবস শুধু একটি জন্মদিনের অনুষ্ঠান নয়, এটি আমাদের যুবসমাজকে নৈতিক শিক্ষা, সাহসিকতা ও সহমর্মিতার পথে উদ্বুদ্ধ করার একটি প্ল্যাটফর্ম। স্কাউটদের প্রতিটি কার্যক্রমে তিনি যে আদর্শ স্থাপন করেছেন, তা অনুসরণ করাই আমাদের মূল লক্ষ্য।

দিনব্যাপী এ দিবস উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ক্রু মিটিং, বর্ণাঢ্য র‍্যালী, বিপির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

উল্লেখ্য, ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং যুবসমাজকে নেতৃত্ব, সেবা ও চরিত্র গঠনের পথে অনুপ্রাণিত করার জন্য স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন।