পটুয়াখালীতে কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ করলেন ৪৬৭ নাবিক
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা।
রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাবিকদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।
এ ব্যাচে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ পেয়েছেন মো. সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত দক্ষতা প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির কেন্দ্র হিসেবেও ঘাঁটিটি কাজ করছে।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন নাবিকদের অভিনন্দন জানিয়ে নৌবাহিনী প্রধান অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের নির্দেশনাও দেন তিনি।
এ সময় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন নৌবাহিনী প্রধান।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।