২৯ নভেম্বর ২০২৬, ১১:১৩

বরিশালে নৈরাজ্য ঠেকাতে রাতভর বিএনপির পাহারা, কঠোর হুঁশিয়ারি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ দলের নেতাকর্মীর  © টিডিসি

বরিশাল নগরীতে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাতভর সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরবাসীর জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে অবস্থান নেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সতর্কতামূলক পাহারা দেন বিএনপির নেতাকর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

রাত সাড়ে ১২টার দিকে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন তিনি। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, সদর রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের পাশাপাশি বরিশাল নগরীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এ কর্মসূচি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ সময় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল নগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা সতর্ক রয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিরীন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। কোথাও বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। একই সঙ্গে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে রাতভর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।

বিএনপি নেতাদের ভাষ্য, নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বরিশাল নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে তাদের এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।