২৮ নভেম্বর ২০২৬, ২২:১৫

জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল।  © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শয়তান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে দলটির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগ নেতা শোয়েব আল হাসান সজলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।