২৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৬

কারাবন্দি মায়ের সাথে মুঠোফোনে শেষবার যে কথা বলেছিল তূর্য

মায়ের সাথে তূর্য  © সংগৃহীত

‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’ কারাবন্দি মায়ের সঙ্গে মুঠোফোনে শেষবার কথা বলার সময় এভাবেই নিজের কষ্টের কথা জানিয়েছিল ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য। মাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে বলা সেই কথাগুলো এখন কেবলই স্মৃতি। 

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে তূর্য।

তূর্যের মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি। সন্তানের মৃত্যুর পর তার মরদেহ নিয়ে কারাগারে যাওয়ার পর মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা হয় তূর্যের। এর আগে কারাগারে বন্দি থাকায় মায়ের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পায়নি সে। সপ্তাহে একবার মুঠোফোনে কথা বলার সুযোগ পেত।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সন্তানের শেষ কথাগুলো স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, মায়ের সঙ্গে সর্বশেষ ফোনালাপে তূর্য তাকে ফিরে আসার আকুতি জানিয়েছিল।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী ছিলেন।

স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয়।

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী। তিনি বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে অবসরে গেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কাশিমপুর কারাগার থেকে সন্তানের মরদেহ নিয়ে ফিরছিলেন।

সন্তানের মরদেহ নিয়ে কারাগারে যাওয়ার কারণ জানিয়ে শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়া সময়সাপেক্ষ। এ জন্য জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করতে হয়। অনুমতি পেলেও নানা ধরনের জটিলতা রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে ডিসি কার্যালয়ও বন্ধ ছিল।

তিনি বলেন, ‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি।’

তূর্যের মৃত্যুর বিষয়ে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’