কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ১৭ বছরের ফয়সালের
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ফয়সাল (১৭) নামের এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফয়সালের। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়।
কিশোরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। পরে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।