২৮ নভেম্বর ২০২৬, ১৩:২৪

শীতের দিনে গোসল না করলে শরীরে যে প্রভাব পড়ে

শীতে গোসল   © সংগৃহীত

শীতের সকালে ঘুম থেকে উঠে গোসল করতে অনেকেরই অনীহা কাজ করে। ঠান্ডার কারণে কেউ কেউ এক দিন, আবার কেউ কয়েক দিন গোসল না করেই থাকেন। এতে সাময়িকভাবে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হতে পারে। তবে নিয়মিত গোসল না করলে শরীরে ঘাম, তেল, মৃত কোষ ও ময়লা জমতে পারে। এর ফলে শরীরে দুর্গন্ধ তৈরি হওয়া থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, শীতকালে প্রতিদিন গোসল করা সবার জন্য বাধ্যতামূলক না হলেও ব্যক্তির কাজের ধরন, ঘাম, শারীরিক পরিশ্রম ও ত্বকের অবস্থার ওপর গোসলের প্রয়োজন নির্ভর করে। এক দিন গোসল না করলে সাধারণত বড় কোনো সমস্যা হয় না। তবে দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে শরীরে অস্বস্তি ও কিছু স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ শিলপি খেতারপালের মতে, সাধারণভাবে প্রতিদিন গোসল করা ভালো অভ্যাস। তবে আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও ত্বকের ধরন বিবেচনায় মাঝেমধ্যে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। বিশেষ করে শীতকালে ত্বক বেশি শুষ্ক হলে গোসলের সময় ও ঘনত্বে কিছুটা পরিবর্তন আনা যায়। 

শীতকালে গোসল না করলে শরীরে কী কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে কয়েকটি বিষয় জানা জরুরি।

প্রথমত, শরীরে দুর্গন্ধ তৈরি হতে পারে। প্রতিদিনের কাজকর্মের সময় শরীরে ঘাম ও প্রাকৃতিক তেল জমে। ত্বকের ব্যাকটেরিয়া এসব উপাদানের সঙ্গে মিশে দুর্গন্ধ তৈরি করতে পারে। বিশেষ করে বগল, পা ও কুঁচকির মতো জায়গায় ঘাম বেশি জমে এবং এসব অংশে দুর্গন্ধ হওয়ার আশঙ্কাও বেশি থাকে। নিয়মিত পরিষ্কার না করলে এ সমস্যা বাড়তে পারে। 

দ্বিতীয়ত, ত্বকে ময়লা ও মৃত কোষ জমতে পারে। মানুষের ত্বক থেকে প্রতিনিয়ত মৃত কোষ ঝরে পড়ে। এর সঙ্গে ঘাম, ধুলাবালি ও ত্বকের প্রাকৃতিক তেল মিশে শরীরে জমতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে এসব উপাদান ত্বকের ছিদ্র বন্ধ করে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা বাড়াতে পারে। 

তৃতীয়ত, খুশকি ও ত্বকের প্রদাহের সমস্যা বাড়তে পারে। ত্বকের তেলগ্রন্থিতে একধরনের ইস্ট বা ছত্রাকজাতীয় অণুজীব স্বাভাবিকভাবেই থাকে। মাথার ত্বক ও শরীর নিয়মিত পরিষ্কার না করলে এর বৃদ্ধি বেড়ে খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা তৈরি করতে পারে। এ ছাড়া যাদের একজিমা আছে, তাদের ক্ষেত্রে অপরিষ্কার ত্বক সমস্যার উপসর্গ বাড়াতে পারে। 

চতুর্থত, ত্বকে জীবাণু ও অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান জমে থাকতে পারে। প্রতিদিন বাইরে চলাফেরার সময় ধুলাবালি, অ্যালার্জেন ও বিভিন্ন ধরনের জীবাণু শরীরের সংস্পর্শে আসে। গোসলের মাধ্যমে এসব উপাদান ধুয়ে ফেলা যায়। নিয়মিত পরিষ্কার না করলে ত্বকে এগুলো জমে থাকার সুযোগ তৈরি হয়। তবে শুধু এক দিন গোসল না করলেই সংক্রমণ হবে—এমন নয়। 

তবে শীতকালে এক দিন গোসল না করলে শরীরের বড় ধরনের ক্ষতি হবে, এমন ধারণাও ঠিক নয়। বিশেষ করে যেদিন ঘাম হয় না, শরীরে ময়লা লাগে না কিংবা ভারী কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না, সেদিন গোসল বাদ দেওয়া যেতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, আবহাওয়া ও ত্বকের ধরন বিবেচনায় মাঝেমধ্যে গোসলের বিরতি নেওয়া যায়। অতিরিক্ত গোসলও ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমিয়ে শুষ্কতা, চুলকানি ও জ্বালাপোড়া বাড়াতে পারে। 

শীতে গোসলের ক্ষেত্রে যেসব নিয়ম মানবেন

শীতকালে গোসল এড়িয়ে যাওয়ার পরিবর্তে ত্বকের ক্ষতি কম হয়—এমনভাবে গোসল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (এএডি) এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
১। হালকা গরম পানি ব্যবহার করুন: অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দেয়। ফলে ত্বক শুষ্ক ও চুলকানিযুক্ত হয়ে উঠতে পারে। তাই কুসুম গরম পানিতে গোসল করুন।
২। গোসলের সময় কমিয়ে আনুন: পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে গোসল শেষ করার চেষ্টা করুন। দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে।
৩। মৃদু সাবান ব্যবহার করুন: অতিরিক্ত সুগন্ধিযুক্ত সাবান ও শক্তিশালী ক্লিনজার এড়িয়ে চলুন। ত্বক সংবেদনশীল হলে মুখ, বগল ও কুঁচকির মতো জায়গায় মৃদু ক্লিনজার ব্যবহার করুন।
৪। গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিষ্কার রাখুন: কোনো দিন পুরো শরীরে সাবান ব্যবহার না করলেও বগল, কুঁচকি, পা ও শরীরের ভাঁজযুক্ত জায়গাগুলো পরিষ্কার রাখুন। এসব জায়গায় ঘাম ও দুর্গন্ধ বেশি জমতে পারে।
৫। গোসলের পর ময়েশ্চারাইজার লাগান: তোয়ালে দিয়ে শরীর ঘষে না মুছে আলতোভাবে পানি শুষে নিন। ত্বক কিছুটা ভেজা থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়।
এএডি গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা, কুসুম গরম পানি ব্যবহার এবং গোসলের পর ত্বক আলতোভাবে শুকিয়ে ময়েশ্চারাইজার লাগানোর পরামর্শ দিয়েছে। 

কারা নিয়মিত গোসলের বিষয়ে বেশি সতর্ক থাকবেন?
যারা নিয়মিত ব্যায়াম করেন, শারীরিক পরিশ্রমের কাজ করেন, অতিরিক্ত ঘামেন কিংবা বাইরে ধুলাবালির মধ্যে দীর্ঘ সময় কাটান, তাদের নিয়মিত গোসল করা প্রয়োজন। কারণ, এসব ক্ষেত্রে শরীরে ঘাম, ময়লা ও জীবাণু বেশি জমতে পারে। একইভাবে যাদের ত্বকে ব্রণ, খুশকি বা একজিমার সমস্যা রয়েছে, তাদেরও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকা উচিত। 

শিশুদের ক্ষেত্রে গোসলের নিয়ম বয়সভেদে আলাদা হতে পারে। আবার ত্বকের বিশেষ সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গোসলের অভ্যাস ঠিক করা ভালো।