২৮ নভেম্বর ২০২৬, ১৩:২১

নিজের ছেলের ষড়যন্ত্রে মামলার আসামি হয়েছেন দাবি ফাতেমা বেগমের

চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকার স্মরণিকা ক্লাবে সংবাদ সম্মেলনে ফাতেমা বেগমসহ অন্যরা  © সংগৃহীত

নিজের ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর প্ররোচনা ও ষড়যন্ত্রের কারণে তাকে এবং পরিবারের সদস্যদের একের পর এক মামলার আসামি হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ফাতেমা বেগম। পারিবারিক সম্পত্তি ও ওয়াক্‌ফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এসব মামলা করা হচ্ছে বলে দাবি তার। শনিবার চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকার স্মরণিকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আদালতের মামলার নথি ও বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করে তিনি নিরপেক্ষ তদন্ত এবং হয়রানি বন্ধের দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন, তার ভাইয়ের ছেলে ব্রিটিশ নাগরিক রিচার্ড চৌধুরী সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। তার দাবি, ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর প্ররোচনা ও ভুল তথ্যের ভিত্তিতে রিচার্ড এ মামলা করেছেন। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

উপস্থাপিত আদালতের নথি অনুযায়ী, রিচার্ড চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এসব মামলার নথিতে ফাতেমা বেগম, তার বড় ছেলে সাকিব ইমাম চৌধুরীসহ পরিবারের কয়েকজন সদস্যের নাম আসামি হিসেবে রয়েছে। একটি মামলায় ইস্টার্ন ব্যাংক পিএলসির নামও উল্লেখ করা হয়েছে।

ভাই মরহুম ড. ফেরোজুল হক চৌধুরীর মৃত্যুসনদ ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের অভিযোগ অস্বীকার করে ফাতেমা বেগম বলেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি কোনো অর্থ উত্তোলন করেননি। সংশ্লিষ্ট অর্থ ব্যাংকে সংরক্ষিত বা ফ্রিজ অবস্থায় রয়েছে। ব্যাংকের নথিপত্র যাচাই করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে বলে দাবি করেন তিনি।

পারিবারিক সম্পত্তি ও ওয়াক্‌ফ এস্টেটের বিরোধ প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রামের ১৩ নম্বর লাভ লেইনের সম্পত্তিটি একটি ওয়াক্‌ফ এস্টেটের অধীন। তার স্বামী মরহুম এ জেড এম শামসুদ্দিন চৌধুরী জীবিত থাকাকালে এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর বড় ছেলে সাকিব ইমাম চৌধুরী এ দায়িত্ব পালন করে আসছেন।

ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে ফাতেমা বেগম বলেন, ২০২০ সালে তার মালিকানাধীন স্মরণিকা ক্লাব ভেঙে ফেলা হয়। ক্লাবের আয়-ব্যয়ের অর্থ, ভবন নির্মাণ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের নথিপত্র নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে তাকে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা করা হচ্ছে।

এ ছাড়া ওয়াক্‌ফ এস্টেটের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য ছোট ছেলের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য চাপ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ২০২২ সাল থেকে বিরোধ আরও জটিল হয়ে ওঠে এবং ২০২৩ সাল থেকে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

বড় ছেলে সাকিব ইমাম চৌধুরীকে ওয়াক্‌ফ এস্টেটের মোতাওয়াল্লি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন ফাতেমা বেগম। তাঁর আশঙ্কা, এস্টেটের সম্পত্তি ও নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তে নেওয়ার উদ্দেশ্যেই এসব তৎপরতা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ব্যাংক থেকে অর্থ উত্তোলনসংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ব্রিটিশ নাগরিকের ব্যাংক হিসাব থেকে সাত কোটি টাকা উত্তোলনসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। পরদিন ২৪ সেপ্টেম্বর ইস্টার্ন ব্যাংক পিএলসি ওই সংবাদের প্রতিবাদ জানায়। এ ছাড়া ২০২৬ সালের ১ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৩ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে একই ধরনের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় বলে উল্লেখ করেন তিনি।

ফাতেমা বেগম বলেন, একজন মা হিসেবে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এমন বিরোধ ও মামলার পরিস্থিতিতে পড়তে হবে, তা কখনো কল্পনাও করেননি। তিনি কারও সঙ্গে প্রতিহিংসা চান না; বরং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে সংবাদে উপস্থাপন করা উচিত নয়। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং আদালতের নথি ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও ওয়াক্‌ফ প্রশাসনের কাছে মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি ও হুমকির অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং ওয়াক্‌ফ এস্টেটের সম্পত্তির প্রকৃত অবস্থা যাচাইয়ের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব ইমাম চৌধুরী, ইফতেখার আহসান খান, অ্যাডভোকেট হাসিবুল হাসান, ইমরান চৌধুরী, সামিহা সাঈদ, সাব্বির হোসেন, রওশন জামিল চৌধুরী, ব্যাংকার তারিকুল আহসান খান ও আয়েশা বেগমসহ পরিবারের সদস্য ও স্বজনেরা