৮ বছর পর বাহুবলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোটগ্রহণ
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ১১টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার ১১টি চা বাগানে পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে ১১টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৭৩৭ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ৯৮৭ জন। ৩৯টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮৫ জন প্রার্থী।
নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটার সুমন গোয়ালা বলেন, ‘সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।’
আরেক ভোটার কমল ভৌমিক বলেন, ‘আট বছর পর ভোট দিতে পেরে খুব আনন্দিত। খুব সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।’
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর আগে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে চা শ্রমিকদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। শ্রমিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব কারা পাচ্ছেন, তা জানতে এখন অপেক্ষায় রয়েছেন চা বাগানগুলোর শ্রমিক ও ভোটাররা।