প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল শিশু
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে প্রসববেদনায় এক নারীর জন্য থামানো হয় বাস। পরে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হলে তাদের সহযোগিতায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। এ সময় সহযাত্রীদের সহযোগিতা ও পরিবহনকর্মীদের মানবিক আচরণে বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। তখন চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এ সময় তার স্বামী বাস থামানোর অনুরোধ করেন। যাত্রীরাও সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
নার্সরা বাসে ফিরে এসে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরে তাদের সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
এদিকে প্রসূতির জন্য বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও পরিবহনকর্মীরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।
জরুরি মুহূর্তে সহযাত্রীদের সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহনকর্মীদের মানবিক আচরণে ঘটনাটি যাত্রীদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি করে।