২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা

সাতক্ষীরায় সেনা পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা  © সংগৃহীত

সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে মেয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন আমির হামজা নামের এক যুবক। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন।

আটক আমির হামজা দেবহাটা উপজলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতের মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।