২৭ নভেম্বর ২০২৬, ২০:৪৫

টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মশাল মিছিল।  © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসব মিছিল বের করা হয়। মিছিলে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

একই সময়ে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া, বর্ণি, গোপালপুর ও কুশলী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকেও মশাল মিছিল বের করা হয়। এসব মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, আওয়ামী লীগ ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মশাল মিছিল কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবারও একই কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার কথাও জানান তাঁরা।