‘খামারি-উদ্যোক্তাদের হাত ধরেই সমৃদ্ধ হবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত’
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, চাঁদপুরের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জেলায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে অনেক মানুষ জড়িত। খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে প্রাণিসম্পদ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন।
আলোচনা সভায় সফল খামারিদের পক্ষে বক্তব্য দেন শাহিনুর বেগম এবং সফল উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন হাবিবুর রহমান। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অভিজ্ঞতা ও উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পশু ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট পণ্য নিয়ে বিভিন্ন স্টল সাজিয়ে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন পশু ও প্রাণিসম্পদ বিষয়ক ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও তাঁদের পণ্য ও সেবা নিয়ে উপস্থিত ছিলেন।
এর আগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।