হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
বিয়ের পর নববধূকে ঘরে তোলার আয়োজন নিয়ে সবারই থাকে নানা স্বপ্ন। তবে সেই স্বপ্নকে একটু ভিন্নভাবে বাস্তবে রূপ দিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফ্রান্সপ্রবাসী যুবক মো. শাহিন ফকির। দীর্ঘদিনের ইচ্ছা ও পরিবারের স্বপ্ন পূরণে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূ মারজিয়া আক্তার মীমকে নিয়ে নিজ গ্রামে ফিরেছেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে পৌঁছান নবদম্পতি।
প্রবাসী শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে তার নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শাহিনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, বিয়ের পর স্ত্রীকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে আসবেন। একই ইচ্ছা ছিল তাঁর বাবা-মায়েরও। অবশেষে পরিবারের সেই স্বপ্ন পূরণে বাস্তবায়ন করেন ব্যতিক্রমী এই আয়োজন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাদের হেলিকপ্টারে করে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় সেদিন যাত্রা সম্ভব হয়নি। পরে এক দিন পিছিয়ে বুধবার নির্ধারিত সময়ে তারা গ্রামে পৌঁছান।
এদিকে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে একনজর দেখতে গ্রামের বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। হেলিকপ্টার দেখতে এবং নববধূকে স্বাগত জানাতে ভিড় করেন শত শত মানুষ। পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
নিজের ব্যতিক্রমী আয়োজন প্রসঙ্গে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, তবে প্রত্যেকের আয়োজন থাকে আলাদা। আমি চেয়েছি জীবনের বিশেষ এই মুহূর্তটি একটু ভিন্নভাবে উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিজ গ্রামে নিয়ে আসার আয়োজন করেছি।’
স্থানীয় বাসিন্দা মো. শরীফ, নোমান ও ফরিদসহ অনেকে জানান, তাদের গ্রামে সচরাচর হেলিকপ্টার আসতে দেখা যায় না। তাই হেলিকপ্টারে নববধূ আসার খবর শুনে তাঁরা দেখতে ছুটে এসেছেন। এমন ব্যতিক্রমী আয়োজনে তাঁরা বেশ আনন্দিত।