চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
পরিবহন মালিক গ্রুপের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন মালিক গ্রুপের নামে আগে বাস প্রতি ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু হঠাৎ করেই সেই চাঁদার পরিমাণ ১৩০ টাকা নির্ধারণ করা হয়। দূরপাল্লার বাস মালিকরা উল্লেখিত চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে বাসায় ফিরে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, দূরপাল্লার বাসগুলোতে রাজশাহী ও নাটোর মালিক সমিটি ১৩০ টাকা করেই চাঁদা আদায় করেন। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক গ্রুপ ১৩০ টাকা চাঁদা নির্ধারণ করেছে। বাস চালু রাখার ব্যাপারে দূরপাল্লার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গি বলেন,চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।