নতুন শিক্ষাবর্ষের আগেই ভোলায় পৌঁছেছে ৭২ শতাংশ পাঠ্যবই
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ভোলায় পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের চাহিদার প্রায় ৭২ শতাংশ পাঠ্যবই। জেলার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীর জন্য চাহিদা রয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৪০৫টি বই। এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এসেছে ২৭ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই। এসব বই বিভিন্ন গুদামে সংরক্ষণ করা হচ্ছে। তবে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা পায়নি জেলা শিক্ষা বিভাগ।
বিগত বছরগুলোতে বড় আকারে নতুন বইয়ের সংকট দেখা গেলেও এ বছর সম্পূর্ণ ভিন্ন চিত্র। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে যথা সময়ে বই পৌছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই বই পৌছে গেছে ভোলাসহ বিভিন্ন জেলায় জেলায়। যার ফলে শিক্ষার্থীদের নতুন বই নিয়ে সংকট বা ঝামেলায় পড়তে হবে না এবার।
প্রতিবছর নভেম্বর মাসে নতুন পাঠ্যবই আসে খুবই কম পরিমাণে। কিন্তু ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে এবার ছবিটা বদলে গেছে। বরিশাল অঞ্চলের আওতাধীন দ্বীপজেলা ভোলার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীর জন্য মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৪০৫টি বই। এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এ পর্যন্ত এসেছে ২৭ লাখ ৭৯ হাজার ৫৫০টি বই।
জেলা শিক্ষা বিভাগের হালনাগাদ তথ্য বলছে, ভোলায় মোট শিক্ষার্থী ৩ লাখ ৬৫ হাজার ৮৭৫ জন। সার্বিকভাবে বই প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৭১ দশমিক ৮২ শতাংশে। স্তর ভিত্তিক হিসেবে নজর দিলে দেখা যায়, মাধ্যমিক স্তরে ১ লাখ ২৬ হাজার ২৯০ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা ১৫ লাখ ৪১ হাজার ১৭০টি বই। এর মধ্যে পাওয়া গেছে ১০ লাখ ২০ হাজার ৮৯০টি বই।
অন্যদিকে দাখিল স্তরে ৮০ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য ১১ লাখ ২৯ হাজার ৫২০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৭ লাখ ২ হাজার ৪০০টি। এই স্তরে প্রাপ্তির হার ৬২ দশমিক ১৯ শতাংশ।
তবে সবচেয়ে এগিয়ে এবতেদায়ি স্তর। ১ লাখ ৫৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ লাখ ২৯ হাজার ৯০০টি বইয়ের চাহিদার মধ্যে প্রাপ্তি দাঁড়িয়েছে ১০ লাখ ৫২ হাজার ৩৫০টিতে, যা ৯৩ দশমিক ১৪ শতাংশ।
কারিগরি বা ট্রেড স্তরে ৩ হাজার ৪৪ শিক্ষার্থীর জন্য ৩৬ হাজার ৩৪০টি বইয়ের চাহিদার বিপরীতে ৩ হাজার ৫৮০টি বই এলেও (প্রাপ্তি ৯ দশমিক ৮৫ শতাংশ) বিতরণ শুরু হয়নি। একইভাবে ইংরেজি ভার্সনে ১০৫ শিক্ষার্থীর ১ হাজার ২৩৫টি বইয়ের চাহিদার মধ্যে ৩৩০টি বই পাওয়া গেছে। প্রাপ্তি ২৬ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সারিতে কোনো তথ্য উল্লেখ নেই।
সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার বড় একটি অংশের বই এসে পৌঁছেছে, যা বিতরণের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে ভোকেশনাল, কারিগরি ও ইংরেজি ভার্সনের মতো স্তরগুলোয় দ্রুত বই সরবরাহ ও বিতরণ শুরু হলে শিক্ষাবর্ষের শুরুতেই পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসে বসতে পারবেন শিক্ষার্থীরা। সময়মতো নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনার ছন্দ ধরে রাখতে বড় ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই সবার।
ভোলা জেলা শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ ছালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এবার বই আমাদের কাছে এসে পৌঁছেছে। বিতরণের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি, পেলে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হবে।’