২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

মানসিক ভারসাম্যহীন নারী হলেন মা, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা বিভাগ

মানসিক ভারসাম্যহীন নারীর মা হওয়ার ঘটনায় সহায়তায় উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ।  © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতকের অসুস্থতার খবর পেয়ে তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পুলিশ। আপাতত নবজাতককে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। অন্যদিকে, প্রসূতি মায়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর সন্তান প্রসব এবং মা ও নবজাতকের অসুস্থতার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তাঁর নির্দেশনায় ঘটনাস্থলে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানার কয়েকজন পুলিশ সদস্য।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় নবজাতককে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়। পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা নিশ্চিত করতে তাঁকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান প্রসবের খবর পেয়ে ইউএনওর নির্দেশনায় তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় নবজাতককে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রসূতি মায়ের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নবজাতককে বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানো হবে।

সমাজসেবা কর্মকর্তা জানান, কেউ শিশুটির আইনগত অভিভাবক হতে আগ্রহী হলে তাঁকে ঝালকাঠি শিশু আদালতে আবেদন করতে হবে। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী শিশুটির অভিভাবকত্ব গ্রহণের সুযোগ রয়েছে।