ট্রলারের নিরাপত্তার অযুহাতে সেন্টমার্টিনে জাহাজের একচেটিয়া ব্যবসা
সেন্ট মার্টিনে পর্যটক পরিবহনে নিরাপত্তার অজুহাতে শাহপরীর দ্বীপ–সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ রাখা হলেও বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের ট্রলারে করে ফিরিয়ে আনার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার স্বার্থে ট্রলার চলাচল বন্ধ, নাকি ব্যয়বহুল জাহাজের ব্যবসা নিশ্চিত করতেই এই রুট বন্ধ রাখা হয়েছে—এমন প্রশ্ন তুলেছেন পর্যটনসংশ্লিষ্টরা।
বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে আটকে পড়া ৩৫০ জন পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। এ ঘটনায় শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনে নিয়মিত ট্রলার চলাচলের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রশ্ন উঠেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও যে ট্রলারে ৩৫০ জন পর্যটক ফিরতে পারলেন, সেই ট্রলারে স্বাভাবিক আবহাওয়ায় শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের অনুমতি নেই কেন?
অভিযোগ রয়েছে, ঝুঁকির কথা বলে এই রুটে পর্যটক পরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ শাহপরীর দ্বীপ থেকে ট্রলারে সেন্ট মার্টিন যাওয়া-আসায় জনপ্রতি ভাড়া প্রায় ৭০০ টাকা—যাওয়া ৩৫০ টাকা এবং আসা ৩৫০ টাকা। এতে আনুমানিক দুই ঘণ্টায় দ্বীপে পৌঁছানোর সুযোগ রয়েছে।
অন্যদিকে, কক্সবাজার থেকে জাহাজে সেন্ট মার্টিন যেতে সর্বনিম্ন টিকিটের দাম প্রায় ৩ হাজার ৬০০ টাকা বলে দাবি করা হচ্ছে। দীর্ঘ যাত্রাপথে যাওয়া-আসা মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা সময় ব্যয় হয়। ফলে ট্রলার চলাচল বন্ধ থাকায় পর্যটকদের তুলনামূলক ব্যয়বহুল পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সেন্ট মার্টিন যাত্রী পরিবহন সার্ভিস বুট সভাপতি মো. রশিদ বলেন, ‘জুন-জুলাই মাসে যখন জাহাজ চলাচল বন্ধ থাকে, তখন যাত্রীরা ট্রলার ও বুটে করে সেন্ট মার্টিনে যাতায়াত করেন। কিন্তু পর্যটন মৌসুমে জাহাজ চলাচল শুরু হলেই ট্রলার চলাচল অবৈধ হয়ে যায়। সাধারণ যাত্রীর প্রাণ আর পর্যটকের প্রাণ তো একই।’
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে চলমান সমস্যার কারণে পর্যটন মৌসুমে প্রশাসন ট্রলার ও বুট চলাচল বন্ধ রাখছে। তবে সাধারণ যাত্রীদের যাতায়াতের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
রশিদের মতে, নিরাপত্তা সবার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ যাত্রী ও পর্যটকের জীবনের মূল্য সমান। তাই নিরাপত্তার পাশাপাশি স্বল্প ব্যয়ে যাতায়াতের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
অতিরিক্ত দিন অবস্থানে বাজেট সংকট
সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ফিরতে না পারায় অনেকের বাড়তি খরচের মুখে পড়তে হয়েছে।
অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘আমাদের আজ গোপালগঞ্জে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখনো সেন্ট মার্টিনে অবস্থান করছি। স্বাভাবিকভাবেই বাজেট সংকট তৈরি হয়েছে। কারণ, শিক্ষার্থীরা অতিরিক্ত দিন থাকার প্রস্তুতি নিয়ে এখানে আসেনি। তারপরও এখানে উপস্থিত শিক্ষকেরা বাজেট সংকট পূরণের চেষ্টা করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ট্রলারে যাতায়াতের ভাড়া জাহাজের তুলনায় কম। ফলে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য ট্রলার চলাচলের সুযোগ থাকলে যাতায়াত ব্যয় কমানো সম্ভব হতো।
অনলাইনে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ
এদিকে, কয়েকটি অনলাইন পেজ ও ট্রাভেল ট্রেড পার্টির বিরুদ্ধে জাহাজের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু অনলাইন পেজের মাধ্যমে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হচ্ছে। এতে সেন্ট মার্টিনগামী পর্যটকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে কক্সবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের এক দিন অপেক্ষা করতে বলা হয়েছিল। পরদিন জাহাজ চলাচলের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে তাঁরা নিজেদের উদ্যোগে ট্রলার ভাড়া করে টেকনাফে ফিরে আসেন।
তিনি বলেন, ট্রলারে যাতায়াতে অনেক ঝুঁকি রয়েছে। নৌযানের ফিটনেসসহ বিভিন্ন বিষয় যাচাই করা প্রয়োজন। আল্লাহ না করুন, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
মাহমুদুর রহমান সায়েমের বক্তব্য অনুযায়ী, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছিল। তবে পর্যটকদের নিজ উদ্যোগে ট্রলারে ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে ট্রলার চলাচলের অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এ অবস্থায় নিরাপত্তার সংজ্ঞা ও ট্রলার চলাচল বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটক ও স্থানীয়রা। তাঁদের দাবি, কোন আবহাওয়ায় এবং কী ধরনের সক্ষমতার ট্রলার চলাচল করতে পারবে বা পারবে না—তা বৈজ্ঞানিক ও কারিগরি ব্যাখ্যার মাধ্যমে নির্ধারণ করা উচিত।
যাত্রী ধারণক্ষমতা, লাইফ জ্যাকেট, নৌযানের ফিটনেস, আবহাওয়ার পূর্বাভাস এবং সমুদ্রের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট নিয়মনীতি প্রণয়নের দাবি জানানো হচ্ছে। নিরাপদ পরিবেশে উপযুক্ত নৌযান চলাচলের সুযোগ থাকলে তা বন্ধ না রেখে নিয়ন্ত্রণ ও তদারকির মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া শাহপরীর দ্বীপ–সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার দুর্ঘটনায় প্রাণহানির উল্লেখযোগ্য কোনো রেকর্ড নেই বলে দাবি করা হচ্ছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্টরা। একই সঙ্গে জাহাজ দুর্ঘটনার ইতিহাস ও ঝুঁকির তথ্যও তুলনামূলকভাবে সামনে আনার দাবি উঠেছে।
তাঁদের মতে, নিরাপত্তার প্রশ্নে আবেগ বা অনুমানের পরিবর্তে দুর্ঘটনার পরিসংখ্যান, নৌযানের সক্ষমতা এবং বাস্তব ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের যাতায়াত ব্যয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন। জাহাজ চলাচল বন্ধ করার দাবি নয়, বরং নিরাপদ পরিবেশে একাধিক পরিবহন ব্যবস্থার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন তাঁরা।
পর্যটকদের জন্য একটিমাত্র পরিবহন ব্যবস্থা বাধ্যতামূলক হয়ে গেলে তা একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি করছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে।
সংশ্লিষ্টদের দাবি, সেন্ট মার্টিনে নিরাপদ ও সাশ্রয়ী পর্যটন নিশ্চিত করতে শাহপরীর দ্বীপ–সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচলের বিষয়ে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে হবে। নিরাপত্তার নামে কোনো নির্দিষ্ট পরিবহন ব্যবস্থার একচেটিয়া সুবিধা নিশ্চিত করা হলে তা পর্যটন খাতের প্রতিযোগিতা ও সাধারণ পর্যটকদের স্বার্থের পরিপন্থী হতে পারে।