২৪ নভেম্বর ২০২৬, ১৬:০৪

কেন্দুয়ায় কৃষি জমি কেটে বাঁধ নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

মানববন্ধনে জুরাইল গ্রামের কৃষকরা  © সংগৃহীত

কৃষিজমি কেটে বাঁধ নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুরাইল গ্রামে বাহাইল বিলের পাশে প্রস্তাবিত বাঁধের কাছে এ কর্মসূচি পালন করেন তারা। কৃষকদের দাবি, বাঁধ নির্মাণ করা হলে তাদের দুই ফসলি জমিতে উৎপাদন ব্যাহত হবে। এ জন্য প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া ‘বাহরাইল বিল উপ-প্রকল্প’ বাতিলের দাবি জানিয়েছেন তারা।

এ সময় স্থানীয়রা বলেন, উপজেলার জুরাইল গ্রামে বাহাইল বিলে পাশে বাঁধ নির্মাণের জন্য সরকারিভাবে ৯৬ লাখ টাকা বরাদ্দ হয়। সাধারণ কৃষকেরা মনে করেন, প্রস্তাবিত বাঁধ নির্মাণ হলে তাঁদের দুই ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে। প্রকল্পের নামে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের আশঙ্কা প্রকাশ করে তাঁরা। তারা আরো বলেন, কৃষকদের ক্ষতি করে এ প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এ সময় তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বক্তব্য রাখেন জুরাইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ, ইউপি সদস্য সেলিম আহমেদ, সাবেক ইউপি সদস্য সালেক, আল আমিন, শহিদুল ইসলাম, জুয়েল রানা, ফজু রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রস্তাবিত বাঁধ নির্মাণ হলে তাদের দুই ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে। এ সময় তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে গত ১৬ নভেম্বর আমরা সংবাদ সম্মেলন করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিই।’

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ও জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইল বিল উপ-প্রকল্পের (এসপি নং-২৫২৮৫) আওতায় একাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান কৃষকদের মানব বন্ধনের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।